লোহাগাড়ায় দাদি-নাতনিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় গতকাল রাত সাড়ে আটটায় পুষ্প বালা শীল (৫৫) নামের এক গৃহবধূ ও তাঁর তিন মাস বয়সী নাতনি সংগীতা শীলকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন পুষ্প বালার পুত্রবধূ মণি বালা শীল।

এ ঘটনায় পুষ্প বালা শীলের স্বামী পেটান শীলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াস উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর পেটান শীল পাশের দোকানে এসে বলেন, ‘তিনজনকে মেরে ফেলেছি।’ এ কথা শুনে লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

লোহাগাড়া থানার পরিদর্শক  (তদন্ত) মো. হোসাইন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পুষ্প বালা শীল ও তঁার নাতনি সংগীতা শীলের মৃতদেহ উদ্ধার করে। হত্যায় জড়িত সন্দেহে পেটান শীলকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দায়ের কোপে গুরুতর আহত মণি বালা শীলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন জানান, গুরুতর আহত মণি বালা শীলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 কী কারণে এই হত্যাকাণ্ড জানতে চাইলে নিহত ব্যক্তিদের স্বজনেরা পারিবারিক কলহের কথা বলেছেন। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তঁারা সন্দেহ করছেন।

পেটান শীলের চাচাতো বোন মিনু বালা শীল বলেন, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি সামাজিকভাবে এ বিরোধের  মীমাংসাও হয়েছিল। কিন্তু গতকাল এ পাড়ার এক বিয়ে উপলক্ষে অধিকাংশ লোকজন চকরিয়া উপজেলায় চলে যায়। এ সময় পেটান শীল ও তাঁর স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।