চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুর সবুর (৩৫) নামের এক যুবককে গত সোমবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর এক চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সবুরের বাড়ি উপজেলা সদরের উত্তর সওদাগর পাড়ায়। বাবার নাম আমির হোসেন। সবুর সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সবুরের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বাড়ির কাছের আড়াই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে উভয় পক্ষই সম্প্রতি স্থানীয় লোহাগাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) অভিযোগ দেয়। ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী এক সপ্তাহ আগে সবুরের পক্ষে রায় দেন। সোমবার বিকেলে সবুর সেই জায়গা টিন দিয়ে ঘিরে দেন। এতে ক্ষিপ্ত হন তাঁর চাচাতো ভাইয়েরা। চাচাতো ভাই মো. আরমান, মো. ফরমান, মো. মামুনসহ ১০/১২ জন রাতে লাঠিসোঁটা নিয়ে সবুরের ওপর হামলা চালান। লাঠি দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেদম পেটানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুর মারা যান।
সবুরের স্ত্রী সুমী আক্তার বলেন, তাঁদের জায়গাটা জোরপূর্বক দখল করার চেষ্টা হচ্ছিল। এতে ব্যর্থ হয়ে অতীতেও একবার তারা সবুরকে পিটিয়ে গুরুতর জখম করে। এবার সবুরের প্রাণটাই কেড়ে নিল। ২ থেকে ১০ বছর বয়সী চার সন্তানকে (২ ছেলে ও ২ মেয়ে) নিয়ে এখন কী করবেন ভেবে পাচ্ছেন না এই নারী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বলেন, সবুরের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আরমান ও তাঁর বোন জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লোহাগাড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।