নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলমগীর হোসেনকে ছুরিকাঘাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার রাতে লোহাগড়া থানায় এ মামলা করা হয়। আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমানসহ রিপন মোল্লা, শহিদুল্লাহ, কালু ফকির, হাসমত খাঁ ও মোস্তফা শেখ।
ইউপি সদস্য আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘২৮ জুন ইউপি কার্যালয়ে ভিজিএফের গম বিতরণ করা হয়। তখন আমার ৩ নম্বর ওয়ার্ডের লোকজনকে গম না দিয়ে চেয়ারম্যানের সহযোগীরা বস্তা ভরে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এর প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজে আমার মাথায় ছুরিকাঘাত করেন এবং তাঁর সহযোগীরা বেধড়ক মারধর করেন। আমি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘ওই ইউপি সদস্য ভিজিএফের গম নিতে তাঁর ওয়ার্ডের লোকজনকে নিষেধ করায় আমার লোকজন তাঁকে মারধর করেছে।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।