লোহাগড়ায় কুপিয়ে জখম করা দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাটখেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে আবদুল গফ্ফার শেখ (৪৮) নামের এক দিনমজুরকে গত শুক্রবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। গতকাল শনিবার ভোরে তিনি মারা গেছেন।

এদিকে শুক্রবার বিকেলে মাদারীপুরে নারগিস বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফ্ফার শেখের বাড়ি লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে। তাঁর নিজের কোনো জমিজমা নেই। তিনি দিনমজুরি করে ও অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুপুরে গফ্ফারের বর্গা জমির পাটখেতে গ্রামের সরোয়ার মোল্লার একটি ছাগল ঢোকে। একপর্যায়ে গফ্ফারের ছেলে ওই ছাগল ধরে নিজেদের বাড়ির দিকে যায়। এ সময় সরোয়ার মোল্লার ছেলে রমজান ছাগল কেড়ে নিয়ে যান ও হুমকি দেন। সন্ধ্যায় জমির মালিককে বিষয়টি জানিয়ে বাড়ি ফিরছিলেন গফ্ফার। নিজ বাড়ির কাছে পৌঁছালে সরোয়ার, রমজানসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা করেন। তাঁকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে গ্রামের লোকজন গফ্ফারকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গফ্ফার শেখের স্ত্রী খাদিজা প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ছোট পাঁচটি ছেলেমেয়ে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে এভাবে কুপিয়ে হত্যা করা হলো। এখন তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন?

জমির মালিক আমিরুল ইসলাম বলেন, সরোয়ার মোল্লাদের টাকা-পয়সা হয়েছে। তাঁদের ছাগল ধরা হয়েছে, এই অজুহাতে একজন অসহায় হতদরিদ্র মানুষকে হত্যা করা হলো।

সরোয়ার মোল্লা ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। এ জন্য তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

গতকাল বিকেলে জানতে চাইলে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূ নারগিস বেগমের লাশ গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

গৃহবধূর বড় ভাই রফিকুল ইসলাম বলেন, প্রায় ১২ বছর আগে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নারগিসের সঙ্গে সাহেবরামপুর এলাকার আন্ডারচড় গ্রামের আসলাম চৌকিদারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর নারগিসের বাবা বাড়ি থেকে টাকা সংগ্রহ করে আসলামকে কাতারে পাঠান। এ দম্পতির দুটি ছেলে রয়েছে। সম্প্রতি নারগিসের স্বামী দেশে ফিরে আসেন। তিনি নারগিসের কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। আসলাম তাঁর স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এর জেরে শুক্রবার বিকেলে নারগিসকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এরপর আসলাম ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান।

গতকাল সন্ধ্যায় জানতে চাইলে কালকিনি থানার কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, ‘আমরা গৃহবধূর বাবার বাড়ির লোকজনকে বলেছি থানায় আসতে। তাঁরা যদি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে চান, আমার মামলা নেব।’