লোহাগড়ায় ট্রাকভর্তি ৩২০ বস্তা সরকারি চাল জব্দ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া এলাকা থেকে ট্রাকভর্তি ৩২০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লোহাগড়া ইউএনও এগুলো জব্দ করেন।
ইউএনও মো. সেলিম রেজা জানান, সরকারি বড়দিয়া খাদ্যগুদামের পাশ থেকে দুপুরে ট্রাকসহ এ চাল জব্দ করা হয়। এ চালের বস্তায় সরকারি খাদ্যগুদামের সিল দেওয়া। ট্রাকচালক তরিকুল ইসলাম তাঁকে জানিয়েছেন, বড়দিয়া খাদ্যগুদাম থেকে এ চাল নিয়ে তিনি খুলনার রূপসায় যাচ্ছিলেন। ট্রাক কে ভাড়া করেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। ইউএনও বলেন, ধারণা করা হচ্ছে, এ চাল অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য ভিজিএফের চাল হিসেবে কোটাকোল ইউনিয়নের নামে বরাদ্দ করা হয়েছিল। সেগুলোই পাচার হচ্ছিল।
বড়দিয়া খাদ্যগুদামের কর্মকর্তা উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) কালিয়া উপজেলার জয়নগর ও মাউলি ইউনিয়নের ভিজিএফের চাল খাদ্যগুদাম থেকে নিয়েছে। গত সোমবার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ভিজিএফের চাল নিয়ে গেছে। ট্রাকের এ চাল কিসের তা বলতে পারছি না।’