লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক বিএনপি নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক বিএনপি নেতা বেবী গাজী (৫০) নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলইতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

বেবী গাজী ধলইতলা গ্রামের আলতাফ গাজীর ছেলে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, বেবী গাজী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী পরিষদের সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেবী গাজী লোহাগড়া থেকে মোটরসাইকেলে করে ধলইতলা গ্রামে তাঁর বাড়ি ফিরছিলেন। গ্রামের নওশের শেখের বাড়ির পাশে রাস্তার ওপর ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করতে তাঁর হাত ও পায়ের রগ কেটে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহত বেবী গাজীর মেজ ছেলে রাজীব গাজী অভিযোগ করেন, ‘গ্রামের শাহীন ও কুটিমিয়ার নেতৃত্বে ১০-১২ জন তাঁকে হত্যা করেছে বলে জানতে পেরেছি।’

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনো বোঝা যাচ্ছে না। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’