লোহাগড়ায় পরাজিত পক্ষ বাড়িছাড়া, চলছে লুটপাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে দুটি পক্ষ। ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের পর হামলা-নির্যাতনের ভয়ে পরাজিত প্রার্থীর পক্ষের ৫০টি পরিবারের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এসব বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটছে। ১৬ এপ্রিল চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মারিয়া হোসেন নির্বাচিত হন। এই উপনির্বাচন হয় ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসেনের মৃত্যুতে। বিজয়ী মারিয়া তাঁরই স্ত্রী। এ উপনির্বাচনে পরাজিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম। তিনি ছিলেন দলটির বিদ্রোহী প্রার্থী।
গত শুক্রবার তেলকাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, এই গ্রামের বাসিন্দা আবুল হোসেন ও নান্টু শিকদারসহ আরও কয়েকজন এখন নবনির্বাচিত মারিয়া হোসেনের পক্ষে গ্রামে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে গ্রামে নেতৃত্ব দেন নিজাম শেখসহ আরও কয়েকজন। এই পক্ষের অন্তত ৫০টি পরিবার এখন বাড়িছাড়া। এসব পরিবারের নারী-শিশুরাও বাড়িতে নেই। গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান টিকরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে।
নিজাম শেখ প্রথম আলোকে বলেন, ১৬ এপ্রিল সন্ধ্যায় প্রতিপক্ষের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পক্ষের লোকজনের বাড়িতে হামলা ও লুটপাট শুরু হয়। এতে শিশু ও নারীরাও হামলার শিকার হন। একপর্যায়ে লোকজন বাড়িঘর ফেলে পালিয়ে যায়। এসব বাড়ির মালামাল লুটপাট হয়েছে। এখনো তা চলছে। এখন ঘরের চালা ও বেড়া লুটপাট করা হচ্ছে। লুট হচ্ছে গাছপালা ও মাঠের ফসল।
লিয়াকত শেখের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর বাড়িতে চারটি টিনের ঘর। এর দুটিতে চালা নেই। অন্য দুটি ঘরের দরজা, জানালা ও গ্রিল ভেঙে নেওয়া হয়েছে। ঘরে কোনো মালামাল নেই। লিয়াকত শেখের বোন হোসনেয়ারা বলেন, এসব লুটপাট হয়েছে।
তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মাতবর আবুল হোসেন বলেন, ‘নির্বাচনের আগেই তাঁরা এসব মালামাল সরিয়ে নিয়েছেন। আমরা লুটপাট করিনি।’ তিনি আরও বলেন, ২০১১ সালে জাহাঙ্গীর আলম চেয়ারম্যান হওয়ার পর থেকে গ্রামে সহিংসতা শুরু হয়। তখন হিমায়েত হোসেনের পক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাড়িছাড়া ছিল। তাদের ঘরবাড়ি লুট হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ২০১১ সালের ২৬ জুন ইউপি নির্বাচন হয়। ওই নির্বাচনে জাহাঙ্গীর আলম চেয়ারম্যান নির্বাচিত হন। তখন নিজাম শেখসহ কয়েকজন মাতবরের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর সহিংসতা চলে। এর জেরে সংঘর্ষে ওই বছরের ১ সেপ্টেম্বর নিজাম শেখের ভাতিজা তুহিন শেখ (২৫) খুন হন। এই হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের অন্তত ২২টি পরিবারের বসতভিটাও নিশ্চিহ্ন করে দেওয়া হয়। গাছপালা ও মাঠের ফসল লুট হয়। লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা ভালো থাকলে এভাবে লুটপাট হতো না। তাঁর সমর্থকদের বাড়িছাড়া হতে হতো না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১১ সালের সহিংসতার ঘটনায় আমার সমর্থন ছিল না।’
নবনির্বাচিত চেয়ারম্যান মারিয়া হোসেন বলেন, ‘আমি এখন ওই গ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেব।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই গ্রামের সমাধান রাজনৈতিকভাবে হতে হবে। রাজনৈতিক নেতারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন।