লোহাগড়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া শেখপাড়ার বাসিন্দা ব্যবসায়ী খান কামরুজ্জামানকে (৫০) গুলি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া হাফেজ আবদুল করিম একাডেমির পাশে রাস্তায় তাঁকে গুলি করা হয়। তিনি এখন ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল শুক্রবার সকালে তাঁকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাহুড়িয়া গ্রামে কামরুজ্জামানের ইটভাটা রয়েছে। তিনি ঠিকাদারি কাজের সঙ্গেও জড়িত।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাঁর পিঠের ডানপাশে গুলি লেগেছে। তাঁর সঙ্গে কথা হয়েছে। জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। কামরুজ্জামান বলেছেন, তিনি মোটরসাইকেলে লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। ওই সময়ে একটি মোটরসাইকেল তাঁর পিছু নেয়। ওই মোটরসাইকেল থেকে একজন তাঁকে গুলি করেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাঁকে গুলি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।