লোহাগড়ায় শিক্ষককে মারপিট

নড়াইলের লোহাগড়ায় গাছের সঙ্গে বেঁধে মনি কুমার বিশ্বাস (৩৬) নামে এক শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাসনা রানী মণ্ডল বাদী হয়ে গত শুক্রবার রাতে ছয়জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।
গত সোমবার (২ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের মাঝিপাড়ায় এ মারপিটের ঘটনা ঘটে। মনি কুমার ও তাঁর স্ত্রী উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা মাঝিপাড়ার বাসিন্দা।
বাসনা রানী অভিযোগ করেন, লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাত নয়টার দিকে মনি কুমারকে ধরে নিয়ে যায় একই এলাকার মনিরুল ইসলাম। সেখানে বাড়ির পেছনে মেহগনি গাছে বেঁধে মনিরুল, আনিচুর, আমিনুরসহ কয়েকজন মারপিট করেন। এ সময় তাঁকে ছেড়ে দিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। তখন নগদ ৫০ হাজার টাকা ও ফাঁকা চেকবইতে সই নিয়ে তাকে ছেড়ে দেন তাঁরা।
অভিযুক্ত মনিরুল ইসলাম টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ডহরপাড়া গ্রামের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। সালিসের জরিমানা হিসেবে এ টাকা নেওয়া হয়েছে। মারপিটের বিষয় তিনি জানেন না।
যদিও খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রী উত্যক্ত করার অভিযোগে এলাকায় কোনো সালিশ হয়নি। ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী বা তার পরিবারের সদস্য স্থানীয় প্রশাসনের কাছে কোনো অভিযোগও করেননি। যারা ওই শিক্ষককে মেরে টাকা নিয়েছেন তারাই এলাকায় বলছেন, তারা সালিশ করে শিক্ষককে জরিমানা করেছেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আগে জানানো হয়নি। শুক্রবার রাত ১১টার দিকে মামলা করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আসামিরা পালিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।