লোহাগড়ায় সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবারের এ সংঘর্ষে এক নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নূর ইসলাম মৃধা (৪৮)। তিনি লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের মোকছেদ মৃধার ছেলে।
লোহাগড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু জানান, নিহত নূর ইসলাম মল্লিকপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও গ্রামের প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুলাল ঠাকুর ও হিমায়েত হোসেন পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে এটি আরও বেড়ে যায়। তাঁরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুলাল ঠাকুরের পক্ষের ৩০ থেকে ৪০ জন ধারালো অস্ত্র নিয়ে গ্রামের নজির মৃধার বাড়ির পাশে হিমায়েত হোসেনের লোকজনের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ১৩ জন আহত হন। হামলায় গুরুতর আহত হন হিমায়েত হোসেন পক্ষের নূর ইসলাম ও ইকবাল মৃধা (৩২)। নূর ইসলামকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গুরুতর আহত ইকবাল মৃধাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১২টি গুলি ছোড়ে ও তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।