লোহাগড়ায় সংঘর্ষে যুবক নিহত
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত সাদ্দাম শেখ (২৫) ওই গ্রামের ছারু শেখের ছেলে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের টুকু শেখ ও হারু শেখ সম্পর্কে চাচাতো ভাই। হারু শেখের ভাতিজা লিংকন মাছ ধরতে স্থানীয় বিলে ঘুনি (মাছ ধরার ফাঁদ) পাতেন। ঘুনিটি টুকু শেখের ছেলে বোরহানের শিশুপুত্র ভেঙে ফেলে। এতে লিংকন ক্ষুব্ধ হয়ে বোরহান ও তাঁর শিশুপুত্রকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মারধর করেন। এর জের ধরে রাত ১২টার দিকে দুই পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সাদ্দাম আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল ভোররাত সোয়া চারটার দিকে তিনি সেখানে মারা যান। সাদ্দাম হারু শেখের ভাতিজা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গতকাল বুধবার সকালে টুকু শেখের ভাই মনু শেখের স্ত্রী সুফিয়া বেগমকে (৪০) আটক করেছে।
সংঘর্ষে টুকু শেখ পক্ষের আহত বোরহান, বজলু, শাকিরুল ও তুহিন শেখ, সোহেল ও তুষারকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হারু শেখ পক্ষের আমিরুন্নেসা, হাম্মাম, কামাল, জামাল, লিংকন ও রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।