লোহার রডবোঝাই ট্রাক ছিনতাই, চালক ও সহকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গত শুক্রবার রাতে লোহার রডবোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ট্রাকের চালক অর্পণ বাড়ৈ ও তাঁর সহকারী রাজিব হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে। অর্পণের বাড়ি যশোর সদর উপজেলার কারবালা ওয়াবদা এলাকায় ও রাজিবের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকপুর গ্রামে।
অর্পণ বাড়ৈ ও ঘিওর থানা-পুলিশ সূত্র জানায়, ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার একটি দোকান থেকে পাঁচ টন লোহার রড কেনেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাইয়ুম হাওলাদার। শুক্রবার রাতে একটি ট্রাক ভাড়া করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইকবাল হোসেন রডগুলো মাগুরার শ্রীপুর উপজেলার কালীনগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় পেছন থেকে একটি খালি ট্রাক নিয়ে ১৪-১৫ জন ছিনতাইকারী রডবোঝাই ট্রাকটি অতিক্রম করে বাধার সৃষ্টি করে। এরপর ছিনতাইকারীরা ট্রাকচালকের সহকারী রাজিবকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে দেয়। এরপর চালক অর্পণ বাড়ৈকে রামদা ও চাপাতি দিয়ে কোপায়। অর্পণের ডান হাতের আঙুল কেটে যায়। একপর্যায়ে রশি দিয়ে অর্পণ ও ইকবালের হাত-পা এবং কাপড় দিয়ে চোখ ও মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে রডবোঝাই ট্রাকটিসহ দুটি ট্রাক নিয়ে তারা ঢাকার দিকে রওনা হয়। একপর্যায়ে ঢাকার ধামরাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাঁদের দুজনকে ফেলে রেখে রডবোঝাই ট্রাকটি নিয়ে যায় তারা। অনেক চেষ্টার পর ভোর পাঁচটার দিকে ইকবাল তাঁর হাত-পায়ের রশি খুলে ফেলেন। পরে ইকবাল ট্রাকচালকের বাঁধনও খুলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এদিকে গতকাল ভোরে ট্রাকচালকের সহকারী রাজিবকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থায় রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রডের মালিক কাইয়ুম হাওলাদার গতকাল থানায় একটি মামলা করেছেন।