লৌহজংয়ে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সালিস বৈঠকের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা আনোয়ার হোসেন শেখ (৫৫) নামের এক ব্যক্তি গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা মো. খোরশেদ ও টিটু বলেন, গত শুক্রবার গ্রামের একটি বাড়িতে অনুষ্ঠানে খাওয়াদাওয়া শেষে একই গ্রামের শুভ ও ইকবালের সঙ্গে বয়সে বড়-ছোট নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে বিষয়টি নিয়ে সালিস বৈঠকের কথা বলে শুভর পক্ষের কয়েক যুবক ইকবালের বাড়ির মুরব্বি মো. আনোয়ার শেখসহ আরও তিনজনকে ডেকে মাইজগাঁও বাজারে নিয়ে আসেন। সেখানে শুভ ও তাঁর পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে আনোয়ার শেখদের ওপর চড়াও হন। তাঁরা পিটিয়ে আনোয়ার শেখ, খোরশেদ ও আলীনূরকে আহত করেন। আনোয়ার শেখকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তিনি মারা যান। বাকিদের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, নিহত আনোয়ার শেখের পরিবারের পক্ষে গতকাল রোববার পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের পক্ষে থেকে অভিযোগ না পেলেও পুলিশ একটি অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।