লৌহজংয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমানের (অপু চাকলাদার) বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত মঙ্গলবার ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল ও জাসাসের সভাপতি, সম্পাদকসহ ২২ জন একযোগে পদত্যাগ করেন। এর পর থেকে ওই ইউনিয়ন বিএনপির কার্যালয় তালাবদ্ধ ছিল। শুক্রবার সন্ধ্যায় হাবিবুর তাঁর দলবল নিয়ে ওই কার্যালয়ে যান এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পদত্যাগকারী নেতারা ও তাঁদের সমর্থকেরা হাবিবুরদের ধাওয়া করেন। তখন ওই কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সুলতান আহেমদ বলেন, ‘অপু চাকলাদারের স্বেচ্ছাচারিতার কারণেই আমরা দল থেকে পদত্যাগ করেছি। অপু চাকলাদার তাঁর দলবল নিয়ে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার খবর পেয়ে কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক তাঁদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান। এ সময় কিছু চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে।’
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।