লৌহজংয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় নদীর পাড়ে গত শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার মাওয়া চৌরাস্তা এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল তিনটার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের তুষার (১৯) ও পারভেজ (২০) একই গ্রামের পিয়ন বাড়ির মাঠে ক্রিকেট খেলতে যান। এ সময় তাঁদের সঙ্গে লিলেন (২৫) ও রহমত (২৭) পক্ষের লোকজনের সংঘর্ষ বেঁধে যায়। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে আবার লিলেন ও রহমতের নেতৃত্বে ১৫-১৬ জন দুর্বৃত্ত তুষারের বড় ভাই কমল দাস ও ভজন লাল দাসের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। দুর্বৃত্তরা মেদিনীমণ্ডলে কমল দাসের স্বর্ণের দোকানেও ভাঙচুর করে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভজন লাল দাস বাদী হয়ে লিলেনসহ ১৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই আসামি শরিফ ফরাজিকে (২৬) তাঁর মেদিনীমণ্ডলের বাড়ি থেকে গ্রেপ্তার করে।