মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেদিনীমণ্ডল ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিএনপির দলীয় কার্যালয় এবং নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।
লৌহজং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খান প্রথম আলোকে বলেন, ‘সকালে হঠাৎ মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খানের লোকজন আমাদের দলীয় কার্যালয়, নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় ক্যাডাররা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম গাউস, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা যুবদল নেতা পাভেল আহমেদ ও ছাত্রদলের নেতা ফারুকের বাড়ি ভাঙচুর করে। পরে তারা মাওয়া বাজারে গিয়ে শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি আওলাদের দোকানসহ তিনটি দোকান ভাঙচুর করে। ইকবাল ও শহিদুল নামের দুই ব্যবসায়ীকে কান ধরে ওঠবস করানো হয়।’ তিনি আরও বলেন, রাত আটটায় মাওয়া মসজিদের সামনে আবারও যুবলীগের এক নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় ছাত্রদলের নেতা রনি ও যুবদলের মাহিনসহ পাঁচজন আহত হন।
এ বিষয়ে জানতে আশরাফ খানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে আওয়ামী লীগ এখন সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সরকার ক্ষমতা থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না।
পৃথক বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান।