মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গত রোববার গভীর রাতে তিনটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। ১২ ভরি সোনা, ৮৫ ভরি রুপা, ৪ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুটে নিয়েছে ডাকাতেরা। তাদের হাতে আহত হয়েছেন দোকানের কর্মচারী, বাজারের নৈশপ্রহরীসহ সাতজন।
হামলায় আহত নৈশপ্রহরী নিত্য গোপাল ও ছলিম মোল্লা বলেন, তাঁরা দুজন রোববার রাতে উপজেলার বড় মোকাম বাজারের চারপাশে পাহারা দিচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে বাজারের পাশ দিয়ে প্রবহমান খাল হয়ে সি-বোটে করে ২০-২৫ জনের একটি ডাকাত দল আসে। বাজারসংলগ্ন নদীর পাড়ে নামলে তাদের পরিচয় জানতে চান তাঁরা (নিত্য গোপাল ও ছলিম মোল্লা)। এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁদের হাত-পা বেঁধে ফেলে। পিস্তলের বাঁট দিয়ে তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে বাজারের একটি পরিত্যক্ত ঘরে তাঁদের আটকে রাখে ডাকাতেরা। তাঁদের কাছে থাকা ৫ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়।
ডাকাতের দলটি এরপর তালা ও ফটক কেটে বাজারের একটি ভবনের ভেতরে প্রবেশ করে। ওই ভবনে থাকা পূজা-পায়েল গহনালয় ও রামা গহনালয়ে ঢুকে তারা ২ লাখ টাকা, ৮ ভরি সোনা ও ৬০ ভরি রুপা লুটে নেয়। এ ছাড়া নীরব গহনালয় নামের পাশের আরেকটি সোনার দোকান থেকে লুট করা হয় ২ লাখ টাকা, ৪ ভরি সোনা ও ২৫ ভরি রুপা। ঘটনার সময় এসব দোকানে থাকা কর্মচারীদের মারধরও করে ডাকাতেরা।
নৈশপ্রহরী ছলিম মোল্লা (৫৫) ও নিত্য গোপাল (৪৮) ছাড়া যে চারজন ডাকাতদের হাতে আহত হন, তাঁরা হলেন তপন তালুকদার (৩০), চয়ন মিয়া (২৮), মো. লিটন (২৬), সুব্রত দাস (২৭) ও শ্রাবণ কর্মকার (২৬)। এরা সবাই ওই সোনার দোকান তিনটির কর্মচারী। আহত ছলিম মোল্লা ও নিত্য গোপাল লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর পাঁচজন এই হাসপাতাল থেকেচিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে ডাকাতের দলটি চলে যাওয়ার সময় তাদের সামনে পড়েন স্থানীয় কয়েকজন জেলে। তাঁদের সবার কাছ থেকে মুঠোফোন ও ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ডাকাত দলটির ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে। তাদের ধরতে অভিযান শুরু করবে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।