শখের পাখির খাবার কেনার কথা বলে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অপহরণের এক দিন পর আজ রোববার রাতে শিশু পলাশ আহমেদের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কান্দারপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাকিব মিয়ার কাছ থেকে গতকাল শনিবার বিকেলে একটি টিয়া পাখি কিনেছিল মানিক মিয়ার ছেলে পলাশ। পরে টিয়া পাখির খাবার কিনে দেওয়ার কথা বলে পলাশকে বয়ড়া বাজারে নিয়ে যায় সাকিব। রাতে পলাশ বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে পলাশের মা পরমা খাতুনের মোবাইলে ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পলাশের বাবা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। এরপর পুলিশ শিক্ষার্থী সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, জবানবন্দিতে সাকিব জানায় পলাশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জবানবন্দি অনুযায়ী সাকিবের বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় পলাশের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব মিয়া, সাকিবের বাবা রেজাউল, প্রতিবেশী চাঁন মিয়া, মারুফ হোসেন, চাঁন মিয়ার স্ত্রী জরিনা বেগম, গফুর বাদশা ও তার ছেলে আশিক এবং সাব্বিরকে আটক করা হয়েছে।

পলাশের বাবা মানিক মিয়া অভিযোগ করে বলেন, ‘সাকিব টিয়া পাখির খাবার আইনা দিব বইলা আমার ছেলেরে মাইরা ফালাইছে। আমি এর বিচার চাই।’

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।’