রাজশাহীতে 'আত্মহত্যা' মালদ্বীপের শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোগের প্রচ্ছদ ছবিতে রাউধা (বাঁয়ে)
ভোগের প্রচ্ছদ ছবিতে রাউধা (বাঁয়ে)

তখন বয়স ১৪ বছর। প্রথমবারের মতো মালদ্বীপের জাতীয় টেলিভিশনের একটি ক্যাম্পেইনে অংশ নেন। পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধ করে বিকল্প ব্যাগ ব্যবহারের জন্য সচেতনতামূলক কার্যক্রম ছিল সেটি।
এরপর আর থেমে থাকতে হয়নি মালদ্বীপের ‘নীল নয়না’ রাউধা আথিফের। ইন্টারনেটের যুগে ফেসবুক, টুইটারে ভাইরাল হয় তাঁর ছবি। জায়গা করে নিয়েছিলেন বিখ্যাত সাময়িকী ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদেও। কিন্তু হঠাৎ সবকিছুকে বিদায় জানিয়ে চলে গেলেন ওপারে।
আজ বুধবার সকালে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।
রাউধার মেডিকেল কলেজে ভর্তির আবেদন ফরমে দেওয়া তথ্য থেকে জানা গেছে, মালদ্বীপের মালেতে তাঁর বাড়ি। বাবার নাম মোহাম্মদ আথিফ। তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁর মা আমিনাথ মুহারমিমাথ একজন মানবসম্পদ কর্মকর্তা। রাউধা হিরিয়া স্কুল থেকে মাধ্যমিক এবং ভিল্লা ইন্টারন্যাশনাল হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিখ্যাত সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’ ২০১৬ সালের অক্টোবরে তাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। ‘বৈচিত্র্যের সৌন্দর্য উদ্‌যাপন’ (সেলিব্রেটিং বিউটি ইন ডাইভার্সিটি) শিরোনামের ওই প্রতিবেদনে স্থান পেয়েছিলেন মালদ্বীপের এই মডেল। রাউধা ছাড়াও বাংলাদেশের পিয়া, ভারতের পূজা মোর, শ্রীলঙ্কার শেনেলে রড্রিগো, ভুটানের দেকি ওয়াংমো ও নেপালের বর্ষা থাপা ভোগের ওই সংখ্যার প্রচ্ছদে জায়গা পেয়েছিলেন। ভোগের প্রচ্ছদে জায়গা পাওয়ার পর মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক টুইট বার্তায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য রাউধাকে অভিনন্দনও জানিয়েছিলেন। মালদ্বীপের একটি অনলাইন গণমাধ্যম ‘ফোকাস মালদ্বীপ’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভোগের সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘এই মেধাবী নারীরা বৈচিত্র্যের যোগ্য দূত’। ভোগ ইন্ডিয়ার ওই প্রতিবেদনের জন্য দেওয়া সাক্ষাৎকারে রাউধা বলেছিলেন, ‘মডেলিং আমার কাছে পেশা নয়; শখই বেশি। পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে মানুষকে সাহায্য করা আমার কাছে সব সময়ের জন্য স্বপ্ন।’

রাউধা আথিফ। ছবি: ফোকাস মালদ্বীপ
রাউধা আথিফ। ছবি: ফোকাস মালদ্বীপ

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সেক্রেটারি আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) তাঁদের রাজশাহীতে পৌঁছানোর কথা। তাঁর পরিবার এবং আমরাও দূতাবাসকে জানিয়েছি। দূতাবাসের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহায়তায় মরদেহ হস্তান্তর করা হবে।’

মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা
মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা

মহিলা হোস্টেলের ইনচার্জ লায়লা আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই যে যাঁর কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে অন্য শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে রাউধা বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাঁর কক্ষের বাইরে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তাঁরা জানালা দিয়ে দেখতে পান যে তিনি আত্মহত্যা করেছেন।’

মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা
মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা

আত্মহত্যা যদি করেও থাকেন, তাহলে কারণ কী—তা জানতে চাইলে কলেজের সেক্রেটারি আবদুল আজিজ বলেন, ‘মডেলিং করতেন এবং আচরণে একটু অস্থির প্রকৃতির ছিলেন। এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল। কী কারণে আত্মহত্যা করতে পারেন, এমন কোনো ক্লু আমরা খুঁজে পাচ্ছি না। পুলিশ চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি ধারণা পাওয়া যায় কি না?’

মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা
মডেল রাউধা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে তোলা