চট্টগ্রামে যুবলীগের কর্মী মেহেদী হত্যার নেপথ্যে ‘চাঁদাবাজি’ নিয়ে দ্বন্দ্ব
শঙ্কা জানিয়ে ডায়েরি ৩ মাস না যেতেই খুন
খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে কোর্ট ডায়েরি করেছিলেন চট্টগ্রাম নগর যুবলীগের কর্মী মেহেদী হাসান ওরফে বাদল। ডায়েরি করার তিন মাস পার না হতেই দুর্বৃত্তদের হাতে খুন হলেন তিনি।
স্থানীয় সূত্রমতে, চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় চাঁদাবাজি, জমি দখল-বেদখল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তিনটি পক্ষ সক্রিয়। আর এ তিন পক্ষের দ্বন্দ্বের জের ধরে খুন হয়েছেন মেহেদী হাসান। এ তিন পক্ষের একটির নেতৃত্বে ছিলেন তিনি।
গত মঙ্গলবার রাতে নগরের বায়োজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকার নাগরিক হাউজিং সোসাইটির সামনে নিজ বাসার অদূরে দুর্বৃত্তদের গুলিতে মেহেদী নিহত হন। মেহেদীর বিরুদ্ধেও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা ছিল।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বায়েজিদ এলাকায় সক্রিয় অন্য দুটি পক্ষের নেতৃত্বে আছেন দুবাইপ্রবাসী যুবলীগের নেতা শফিকুল ইসলাম এবং ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস। সম্প্রতি শফিকুল ও কুদ্দুসদের আধিপত্য অনেকটা খর্ব হয়ে যায়। আর এর জের ধরেই প্রাণ দিতে হয় মেহেদীকে।
মেহেদী বোয়ালখালীর একটি কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। তবে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
খুন হওয়ার আশঙ্কায় মেহেদী গত ৪ জুন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ডায়েরি করেন। ডায়েরিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শফিকুল ও তাঁর ভাইয়েরা বিদেশে অবস্থান করে বিভিন্ন ঘটনা ঘটিয়ে তাঁকে (মেহেদী) জড়ানোর চেষ্টা করতে পারেন এবং তাঁকে হত্যা করতে পারেন।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম মহিউদ্দিন বলেন, মেহেদীর সেই আশঙ্কা প্রমাণিত হয়েছে। এই খুনের জন্য শফিকুলেরা আট ভাই ও আবদুল কুদ্দুস দায়ী।
মেহেদী হত্যাকাণ্ডের জন্য পরিবারের পক্ষ থেকেও শফিকুল ও কুদ্দুসকে দায়ী করা হচ্ছে। মেহেদীর বাবা মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শফিকুল ও কুদ্দুস একজোট হয়ে আমার একমাত্র ছেলেকে খুন করিয়েছে। কারণ, মেহেদী না থাকলে তাদের চাঁদাবাজি ও মাদক ব্যবসা আরও বাড়ানো সম্ভব হবে।’
তবে অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে শফিকুল ও তাঁর ভাই এবং আবদুল কুদ্দুসকে পাওয়া যায়নি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, বায়েজিদ থানার কসাইপাড়া, শেরশাহ কলোনি, সাংবাদিক হাউজিং, কুঞ্জছায়া, টেকনিক্যাল-সংলগ্ন মসজিদ, আরেফিননগর, চন্দ্রনগর শ্যামলছায়া, বাংলাবাজারসহ আট-নয়টি জায়গায় মাদকের জমজমাট ব্যবসা আছে। এ ছাড়া ওই এলাকার দুই শতাধিক শিল্পকারখানায় চাঁদাবাজি, পাহাড়ের জায়গা দখল-বেদখল এবং অবৈধ ঘর তুলে স্বল্প আয়ের লোকদের কাছে ভাড়া দিয়ে সন্ত্রাসীরা মোটা অঙ্কের টাকা আয় করছে। আধিপত্য বিস্তার নিয়ে বায়েজিদ এলাকায় মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে।
উপপুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ‘এলাকার কিছু লোকের সঙ্গে মেহেদীর শত্রুতা ছিল। এই শত্রুতার কারণে কেউ তাঁকে খুন করতে পারে বা করাতে পারে। তাঁর পরিবারের অভিযোগগুলো আমরা গুরুত্বসহকারে নেব।’
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শফিকুল ইসলামেরা আট ভাই। দুবাইয়ে তাঁর ব্যবসা আছে। তিনি নিজেকে আরব আমিরাত শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে থাকেন। চার ভাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপির সঙ্গে সম্পৃক্ত তিনজন। বাকি একজন জাতীয় পার্টির কর্মী। যেকোনো সরকারের আমলেই এলাকায় এই পরিবারের দাপট অক্ষুণ্ন থাকে।
স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তার ও জমির দখল নিয়ে গত বছরের ২৩ জুলাই বায়েজিদ এলাকায় সংঘর্ষে একজন পথচারী নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় মেহেদীকে আসামি করা হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ এপ্রিল মেহেদী ও তাঁর অনুসারীদের ওপর বায়েজিদ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। দুবাইপ্রবাসী শফিকুলের ভাই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব আলম এবং মোহাম্মদ ইলিয়াছ ও রাজা মিয়া ওই হামলার নেতৃত্ব দেন। মাহবুব আলম বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। মেহেদী ভাইয়ের কারণে মাহবুব হেরে যান। এ কারণে ওই হামলা চালানো হয়। ওই নির্বাচনে মেহেদী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরীর পক্ষে কাজ করেছিলেন।’
মেহেদী হাসান ওরফে বাদল খুনের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত মামলাও হয়নি।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘এই খুনের তদন্ত হবে এবং হত্যাকারীরা পার পাবে না।’