পটুয়াখালীর গলাচিপায় একটি বেসরকারি সংস্থা অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে ছয় কোটি টাকা সংগ্রহ করেছে। গ্রাহকেরা দিনের পর দিন সংস্থাটির কার্যালয়ে ধরণা দিয়ে আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না।
সংস্থাটির নাম রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরডিপি)। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গলাচিপা পৌরসভার সদর রোডের চারতলা একটি ভবনের নিচতলায় আরডিপির কার্যালয়। কার্যালয়ের বাইরে ২০-২৫ জন নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন। তাঁদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই আরডিপিতে বিভিন্ন মেয়াদে টাকা জমা রেখেছেন। প্রায় এক মাস ধরে তাঁরা আমানতের টাকা ফেরত নিতে আসছেন। কিন্তু তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। তাঁরা জানান, সংস্থাটিতে ৪ হাজার গ্রাহকের ৬ কোটি টাকারও বেশি জমা রয়েছে।
গলাচিপা পৌরসভার সদর রোডের ব্যবসায়ী মো. আবদুল কাইয়ূম জানান, আরডিপিতে তাঁর একটি দৈনিক ও একটি মাসিক সঞ্চয়ী প্রকল্পে ২ লাখ ৫০ হাজার টাকা জমা আছে। দুই সপ্তাহ ধরে সেই টাকা তুলে নেওয়ার জন্য আসছেন। কিন্তু তাঁর টাকা দেওয়া হচ্ছে না। সাগরদি রোডের বাসিন্দা আসমা বেগম বলেন, ‘অনেক কষ্ট কইর্যায় আরডিপিতে ৭ হাজার ২০০ টাকা জমা করছি। আমার টাকা আমি নিতে আইছি। কিন্তু ওনারা আমার কথায় পাত্তাই দেয় না। খালি (শুধু) কয়, (বলেন) পরে আসেন।’
কার্যালয়ের ভেতরে গিয়ে ব্যবস্থাপক রাশেদুল ইসলামকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ। সেখানে উপস্থিত সহকারী ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন জানান, রাশেদুল পটুয়াখালী গেছেন। এ প্রসঙ্গে কথা বলার জন্য আরডিপির পরিচালক নাজমুল আহসান ও সভাপতি আ. রাজ্জাকের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনের দেওয়া তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে ২০০৭ সালে আরডিপির কার্যক্রম শুরু হয়। ২০১১ সালে গলাচিপায় সংস্থাটির শাখা কার্যালয় চালু করা হয়। শাখা কার্যালয় থাকার বিষয়ে পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা শাহাবুদ্দিন বিশ্বাস মুঠোফোনে জানান, সমবায় সমিতি (সংশোধন) আইন ২০১৩ অনুযায়ী সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত কোনো সমবায় সমিতি শাখা কার্যালয় করতে পারে না। ওই রকম কোনো সমিতি কারও কাছ থেকে স্থায়ী আমানতও নিতে পারে না। নিলে তা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আরডিপিকে একাধিকবার সতর্ক করা হয়েছে।
সতর্ক করার পরও আরডিপি শাখা কার্যালয়ের মাধ্যমে অবৈধভাবে আমানত সংগ্রহ করেছে। জাহিদ হোসেন জানান, আরডিপি গ্রাহকদের কাছ থেকে দৈনিক সঞ্চয় প্রকল্পে ২০ টাকা থেকে ৫০০ টাকা ও মাসিক সঞ্চয় প্রকল্পে ২০০ টাকা থেকে ১০ হাজার টাকা জমা নিচ্ছে। মাসিক লাভের মেয়াদি প্রকল্পে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমানত জমা রাখা হয়। এ সংস্থায় এ রকম ১৩টি প্রকল্প রয়েছে। সংস্থার সদস্যদের মধ্যে তিন ধরনের ঋণও দেওয়া হয়। তিনি বলেন, ‘গলাচিপা শাখায় আড়াই থেকে তিন হাজার গ্রাহকের জমা রয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা। আর মাঠপর্যায়ে ঋণ দেওয়া আছে প্রায় ৭৫ লাখ টাকা। গ্রাহকদের ৬ কোটি টাকা আমানত থাকার দাবি ভুল।’
গ্রাহকদের টাকা না দেওয়া প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সংস্থার অভ্যন্তরীণ একটি ঝামেলার কারণে একসঙ্গে অনেক গ্রাহক তাঁদের আমানত তুলে নিতে চাচ্ছেন। কিন্তু ওই পরিমাণ টাকা এই শাখায় না থাকায় আমানত ফেরত দেওয়া যাচ্ছে না। ঢাকা অফিসকে আমরা জানিয়েছি। এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
উপজেলা ইউএনও মো. মাহবুব আলম বলেন, ‘এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’