ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী থাকায় যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিবেশ নিয়ে বেশ সংশয়ে ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্বাচনের আগেই প্রার্থীদের ক্ষমতার লড়াই আর পেশিশক্তির মহড়ায় আতঙ্কিত ছিলেন ভোটাররাও।
অবশ্য গতকাল শনিবার স্থানীয় জেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত আর নির্বাচনী কর্মকর্তাদের পদক্ষেপে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে গতকাল ভোট হয়েছে। সাতটি ইউনিয়নের ২৭টি কেন্দ্র ঘুরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি পাওয়া গেছে। সকাল আটটা বাজার আগেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে, নারী ভোটারদের উপস্থিতি ছিল বিপুলসংখ্যক। ছিল উৎসবের আমেজ।
গদখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাবুদ্দিন আহমেদের মেয়ে ও তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট হাসনা উল হুসনা প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন এলাকায় কেন্দ্র দখলের চেষ্টা করলেও প্রতিরোধ করা হয়েছে। প্রশাসনের ভূমিকাও ভালো ছিল।
পানিসারা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর বাবর জান বললেন, নির্বাচন ভালো হয়েছে। সেখানকার আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নওশের আলী বলেন, এর চেয়ে ভালো নির্বাচন হতেই পারে না।
অবশ্য ঝিকরগাছার নাভারণ ইউপির ভোটচিত্র ছিল ভিন্ন। নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শোনা গেল ক্ষোভের কথা। ‘কী জ্বালা! ভেতরে যাতিই দেচ্ছে না, ভোট দেব কী কইরে!’ মাঠের বাইরে একজন নারী অনেকটা ক্ষোভের সঙ্গে এ কথা বলছিলেন। ভোটকেন্দ্রের বাইরে তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন নারী। তাঁরাও একই কথা বললেন।
মাঠের ভেতরের অংশে ছিলেন বেশ কয়েকজন তরুণ। বুকে নৌকা প্রতীকের ব্যাজ। কেন্দ্রে ভোট দিতে আসা অনেক ভোটারকে ফিরিয়ে দিচ্ছিলেন তাঁরা। সাংবাদিক দেখে কিছুটা পিছিয়ে গেলেন।
কেন্দ্রের ভেতরে ভোটার তেমন নেই। প্রিসাইডিং কর্মকর্তা পিযুষ কান্তি দাশের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি দ্রুত বাইরে গিয়ে ওই সব তরুণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি কেন্দ্রে ফিরে আসার পরপরই তরুণেরা আবারও আগের ভূমিকায়। প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রের বাইরে কী হচ্ছে, সেটা দেখা আমার এখতিয়ারের বাইরে।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা পাঁচটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না আসার জন্য ভয় দেখিয়েছেন। তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী অভিযোগ অস্বীকার করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ প্রথম আলোকে বলেন, পুরো উপজেলায় ভোটের দিন দুজনকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যালট পেপার পাওয়ার কারণে নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের সামনে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গদখালীতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আরেকজনকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।