শঙ্খ থেকে বালু তোলার সময় খননযন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদ থেকে অবৈধভাবে বালু তোলার সময় অভিযান চালিয়ে একটি খননযন্ত্র জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান চালান।
স্থানীয় সূত্র জানায়, এক বছর ধরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে শঙ্খ নদ থেকে বালু তুলে ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। এতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর ও জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে শঙ্খের ভাঙন তীব্র আকার ধারণ করে। এ নিয়ে শনিবার প্রথম আলোয় ‘অবৈধভাবে শঙ্খ থেকে বালু উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
মোহাম্মদ ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিকেলে বালু তোলার সময় একটি খননযন্ত্র জব্দ করে খাল দিয়ে উপজেলা সদরের দিকে নিয়ে আসি। রাত দুইটায় অভিযান শেষ হয়।’
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু তুলে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।