শঙ্খ নদ থেকে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে গত মঙ্গলবার রাতে খননযন্ত্রের এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ আদালত পরিচালনা করেন।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শঙ্খ নদের বিভিন্ন স্থান থেকে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তুলে বিক্রি করছে কয়েকটি চক্র। কখনো দিনে, আবার কখনো রাতে এসব বালু তোলা হয়। গত মঙ্গলবার রাতে বালু তোলার খবর পেয়ে গৌতম বাড়ৈর নেতৃত্বে রায়পুর ইউনিয়নের দক্ষিণে ধলঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খননযন্ত্রসহ এক শ্রমিককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খননযন্ত্রটি শঙ্খ নদ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গৌতম বাড়ৈ বলেন, শঙ্খ নদের বিভিন্ন স্থানে বালু তুলে বিক্রি করা হচ্ছে। তাই অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।