শঙ্খ নদে অবৈধ জাল উচ্ছেদে অভিযান, উধাও জেলেরা

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদের বিভিন্ন স্থানে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল উচ্ছেদে বৃহস্পতিবার যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বেহুন্দি জাল, চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে জাল ও নৌকা নিয়ে পালিয়ে যান জেলেরা।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান চলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারা উপজেলার শঙ্খ নদের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ জাল দিয়ে মাছের পোনা আহরণ করছিলেন জেলেরা। বৃহস্পতিবার সারা দিন অভিযান চালিয়েছে মৎস্য মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের বিশেষ দল, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন। অভিযান চালানোর আগে কয়েক দিন ধরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, মাছঘাট ও হাটবাজারে মাইকিং, লিফলেট বিতরণ ও ব্যানার টানিয়ে প্রচারনা চালানো হয়।
বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু বকর সিদ্দিক, উপপরিচালক এ এস এম রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ, কোস্টগার্ড পূর্ব জোনের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মো. কামরুল হাসান ও মৎস্য কর্মকর্তা জাহেদ আহমেদ।
এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে নদ থেকে জাল ও নৌকা নিয়ে পালিয়ে যান জেলেরা। তবে ওই সময় ছয়টি অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানের ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, শঙ্খ নদে দীর্ঘদিন ধরে অসাধুরা অবৈধ জাল বসিয়ে মাছ আহরণের পাশাপাশি মৎস্য সম্পদ ধ্বংস করে আসছিল। এ কারণে যৌথ অভিযানের উদ্যোগ নেওয়া হয়। এটি অব্যাহত থাকবে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল মোমিন বলেন, অভিযানের অংশ হিসেবে শাহ আমানত ও শাহ মোহছেন আউলিয়া নামের দুই বরফকলের মালিককে লাইসেন্স না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ছয়টি জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।