শটগানের গুলিতেই হাকিম নিহত হন: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হককে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে l ছবি: প্রথম আলো
গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হককে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে l ছবি: প্রথম আলো

শটগানের গুলিতেই সমকাল-এর সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন এ কথা জানান।

শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক হাকিম। অভিযোগ রয়েছে, পৌর মেয়র হালিমুল হক শটগান থেকে গুলি ছুড়েছিলেন।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রীর মামলার পর গত রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার হন মেয়র হালিমুল হক। গতকাল তাঁকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোরশেদ আলম। এ ছাড়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি করবেন আদালত।

সংবাদ সম্মেলনে এসপি মিরাজ উদ্দিন বলেন, হালিমুলকে গ্রেপ্তারের পর রোববার রাতেই সিরাজগঞ্জে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুলির কথা এড়িয়ে গেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, সাংবাদিক হাকিম শটগানের গুলিতে আহত হয়ে মারা গেছেন। তাঁর মস্তিষ্কের ভেতর যে গুলিটি পাওয়া গেছে, তা শটগানেরই। তবে ব্যালিস্টিক পরীক্ষা না করে কার অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে মেয়রকে সিরাজগঞ্জে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর রিমান্ডের জন্য নিয়মানুযায়ী শাহজাদপুর উপজেলায় বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারক শুনানির দিন ধার্য করবেন।

আদালত থেকে পুলিশ ভ্যানে ওঠার সময় মেয়র হালিমুল সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। সাংবাদিকেরা আমার বন্ধু। আমি কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি।’ কারা ষড়যন্ত্র করছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মাইকযোগে ফলাও করে নানা কথা প্রচার করে বিবৃতি দিচ্ছে, বিষয়টি আপনারা বুঝে নিন। তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

বিক্ষোভ অব্যাহত

সাংবাদিক হাকিম নিহত হওয়ার ঘটনায় গতকালও শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় মেয়র হালিমুলের কুশপুতুল দাহ করা হয় এবং তাঁর শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ ওরফে কাজল প্রমুখ।

এদিকে ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সাংবাদিক হাকিমের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে রোববার রাতে অনুষ্ঠিত ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্তের পাশাপাশি হাকিমের হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবি জানানো হয়।