শত বছরের পুরোনো স্কুলমাঠে হালচাষ!
ভোরের আলো ফুটতেই এলাকাবাসীর চোখ ছানাবড়া। শত বছরের পুরোনো গ্রামের একমাত্র খেলার মাঠটিতে কে বা কারা লাঙল চালিয়েছে। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁরা এর প্রতিবাদে মিছিল বের করেন।
পরে জানতে পারেন, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় আতিয়ার রহমান নামের এক প্রভাবশালী ব্যক্তি পাওয়ার টিলার দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শত বছরের এই পুরোনো খেলার মাঠটি দখল করেছেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলতপুরে ১৯২০ সালে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর আগে কয়েক ব্যক্তি প্রায় দুই একর জমি দান করে খেলার মাঠটি তৈরি করেন। এর পর থেকে মাঠটি বিদ্যালয়সহ আশপাশের ছেলেমেয়েরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। গত বছর থেকে তারাগুনিয়া গ্রামের থানা সড়ক এলাকার মতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান মাঠের দক্ষিণ দিকের এক বিঘা জমির মালিকানা দাবি করেন। জমির দখল নিতে তিনি প্রায়ই বিদ্যালয়ে গিয়ে হুমকি দিতেন। এ নিয়ে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আতিয়ার রহমান পাওয়ার টিলার দিয়ে খেলার মাঠ চষে দেন। আতিয়ার রহমান দাবি করেন, ওই মাঠে তাঁদের কিছু জমি রয়েছে। এগুলো তিনি ফেরত চান। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানানো হলেও তারা শোনেনি। এত দিন পর জমির মালিকানা কেন দাবি করছেন এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শত বছর আগে যাঁরা জমি দিয়ে মাঠ করেছিলেন, তাঁদের মধ্যে আতিয়ার রহমানের দাদাও ছিলেন। তৎকালীন সময়ে আতিয়ারের দাদা মৌখিকভাবে দানস্বত্ব এক বিঘা জমি দিয়ে ছিলেন। এখন সেই জমি আতিয়ার নিয়ে নিতে চান। জমির বদলে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪০ লাখ টাকা দাবি করেছেন আতিয়ার।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দীন আহমেদ বলেন, উপজেলার সবচেয়ে বড় ও প্রাচীন খেলার মাঠ এটি। একটি মহল রাতের আঁধারে মাঠ চাষ করে অন্যায় করেছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (এসি-ল্যান্ড) নাহিদা আক্তার বলেন, সোমবার এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও) আলোচনা হবে।