শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওবাড়িয়া গ্রামের একটি শতবর্ষী পুকুর ভরাট করার চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। এ নিয়ে অপর একটি পক্ষের সঙ্গে তাদের উত্তেজনা চলছে। অপর পক্ষ পুকুরটি ভরাট করতে দিচ্ছে না এবং সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। এতে যেকোনো সময় ওই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের শাখাইতি মৌজার ৯৭৪ দাগে শত বছরের পুরোনো একটি পুকুর আছে। এর আয়তন ২১৬ শতাংশ। ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ও তাঁর লোকজন পুকুরের সাড়ে ১০ শতাংশ জমির মালিক। গ্রামবাসীর অভিযোগ একসময় হাবিবুর রহমান মাছ চাষের জন্য পুকুরের বাকি অংশের মালিকদের বছরে ৬ লাখ টাকা দিয়ে পুকুরটি বন্ধক (জমা) নিতেন। তিন বছর ধরে তাঁকে আর পুকুরের ওই অংশ বন্ধক দেওয়া হচ্ছে না। তিন বছর ধরে শতাধিক পরিবার পুকুরটিতে মাছ চাষ করছে। এরাই পুকুরের বাকি অংশের মালিক।
অপর পক্ষের লোকজনের অভিযোগ, হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা পুকুরটি দখলে নেওয়ার জন্য গ্রামের হানিফ মিয়া, মুসলিম মিয়াসহ অর্ধশতাধিক ব্যক্তিকে একের পর এক মিথ্যা মামলায় জড়াচ্ছে। হাবিবুর রহমান ২০১৪ সালের নভেম্বর মাসে একটি বণ্টননামা দলিল দেখিয়ে পুকুরে তাঁর ২৯ শতাংশ জমি রয়েছে বলে দাবি করেন। দলিলটি সম্পাদনের তারিখ ১৯৮১ সাল। ৩৫ বছর আগের সম্পাদন করা দলিল দেখিয়ে হঠাৎ ২৯ শতাংশ ভূমির মালিকানা দাবি করায় গ্রামবাসীর সন্দেহ হয়। ফলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ইতিমধ্যে গ্রামে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হাবিবুরের এই বণ্টননামা দলিল বাতিলের জন্য হানিফ মিয়াসহ ৫৩ জন বাদী হয়ে ২০১৪ সালে আদালতে মামলা করেন। এতে আরও ক্ষিপ্ত হন হাবিবুর। তিনি পুকুরের অংশীদার হানিফ মিয়া, মুসলিম মিয়াসহ অন্য অংশীদারদের বিরুদ্ধে পরপর পাঁচটি মামলা করেন। এসব মামলা মিথ্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
এসব মামলা ছাড়াও উভয় পক্ষের আরও পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ পরিস্থিতিতে দুই মাস ধরে হাবিবুর রহমান খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে মাটি ফেলে পুকুর ভরাট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তাঁর বিপক্ষের লোকজন। এ অবস্থায় ১৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা তাঁর দপ্তরে উভয় পক্ষকেই হাজির করেন। সেখানে হাবিবুর রহমান অঙ্গীকার করেন আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি পুকুর ভরাট করবেন না এবং খননযন্ত্র সরিয়ে নেবেন।
গ্রামবাসীর অভিযোগ, অঙ্গীকার করার পরও ১৮ ও ২০ ফেব্রুয়ারিতে হাবিবুর রহমানের লোকজন পুকুরটি ভরাটের চেষ্টা চালান। এতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীন ইসলাম বলেন, ‘এখানে মূল সমস্যা হচ্ছে ড্রেজার। এই ড্রেজারের কারণে গ্রামে খুনখারাবি হবে। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।’
হাবিবুর রহমান দাবি করেন, ‘পুকুরে আমার ২৯ শতাংশ জায়গা রয়েছে। আমার জায়গা ভরাট করতে গেলে তারা বাধা দেয়।’ একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মামলা তারা দেওয়ায় আমিও দিয়েছি।’
এ ব্যাপারে সরাইলের ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।