ককটেলসহ শিবিরের পাঁচ নেতা-কর্মী আটক
রাজধানীর মহাখালী এলাকা থেকে আজ বুধবার সকালে ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল ও নাশকতা চালানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (২৫), খালিদ সাইফুল্লাহ (২৪), জয়নাল আবেদীন (২৩), আরিফুজ্জামান (২০) ও আতিয়ার রহমান (২০)। এঁদের মধ্যে মোস্তাফিজুর বনানী থানা ছাত্রশিবিরের সভাপতি।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, মহাখালী টিবি গেট এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। একই জায়গা থেকে ককটেল, গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় জানানো হয়, শিবিরের বনানী থানা শাখার সভাপতি ও তাঁর চার সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল, দুই লিটার পেট্রল, এক কেজি গানপাউডারসহ নাশকতা চালানোর অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।