ঢাকার সাভারে ভেলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি ভুঁইফোড় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাহকদের শতাধিক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অধিক মুনাফার প্রলোভন দিয়ে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে গত ১০ বছরে আমানতের নামে এ টাকা সংগ্রহ করা হয়।
চুক্তি অনুযায়ী মুনাফা ও আমানতের টাকা না পেয়ে গত ৮ মার্চ শতাধিক গ্রাহক সাভারের ব্যাংক কলোনিতে ভেলার প্রধান কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এরপর আমানতকারীদের কয়েকজন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদুল হাসানকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নিয়ে ওই থানার পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এর পর থেকে ভেলার প্রধান কার্যালয়সহ বিভিন্ন এলাকার ১৭টি কার্যালয় বন্ধ রয়েছে।
গত সোমবার আদালতের মাধ্যমে জামিনে ছাড়া পাওয়ার পর মাহমুদুল হাসানকে আমানতকারীরা জোরপূর্বক সাভারে নিয়ে আসেন। এর পর থেকে তাঁকে আইনজীবী তানভীর হোসেনের ব্যাংক কলোনির বাসায় আটকে রাখা হয়। খবর পেয়ে দুই শতাধিক লোক গতকাল ওই বাসায় গিয়ে ভিড় করেন। তাঁদের মধ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলামসহ কয়েকজন সরকারি কর্মচারীও ছিলেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর কয়েক ব্যক্তি গতকাল বুধবার বিকেলে মাহমুদুল হাসানকে ওই বাসা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। এ সময় সাভার পৌরসভার কাউন্সিলর মশিউর রহমান খানসহ স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার শ্যালকও উপস্থিত ছিলেন।
মাজাহারুল ইসলাম বলেন, মাহমুদুল হাসানের সঙ্গে তিনি একই কলেজে পড়ালেখা করতেন। সেই সূত্র ধরে বছর পাঁচেক আগে তিনি ভেলায় ৩০ লাখ টাকা জমা রাখেন। মুনাফা হিসেবে কয়েক বছর তাঁকে লাখে সাড়ে চার হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু দেড় বছর ধরে তাঁকে কোনো মুনাফা দেওয়া হচ্ছিল না।
ভেলার পক্ষ থেকে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৫ সালে ভেলার কার্যক্রম শুরু হয়। প্রথম কয়েক বছর ব্যাংক কলোনিতে একটি কার্যালয়ের মাধ্যমে এর কার্যক্রম চললেও পর্যায়ক্রমে ধামরাই, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় আরও ১৬টি কার্যালয় খোলা হয়। এসব কার্যালয়ের মাধ্যমে ১০ বছরে শত শত লোকের কাছ থেকে শতাধিক কোটি টাকার আমানত সংগ্রহ করা হয়।
ভেলার ধামরাই শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান খন্দকার বলেন, তাঁর শাখার মাধ্যমে তিনি ২২ লাখ টাকার আমানত সংগ্রহ করেন। তিনি নিজেও জমা রাখেন সাত লাখ টাকা।
গতকাল বিকেলে তানভীরের বাসায় আলাপকালে মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ১০ বছরে তিনি ২০ কোটি টাকার মতো আমানত সংগ্রহ করেছেন। এসব টাকায় তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাড়ে পাঁচ একর জমি কিনেছেন। বাকি টাকা কর্মীদের কমিশন ও বেতন বাবদ ব্যয় করেছেন। এ কারণে তিনি মুনাফাসহ গ্রাহকদের আসল টাকা ফেরত দিতে পারছিলেন না।
মাহমুদুল হাসান বলেন, কাউন্সিলর মশিউর রহমান তাঁর সম্পত্তির সব দলিল নিয়ে নিয়েছেন। এর পর থেকে তিনি (মশিউর) তাঁকে জমির দলিল করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। দলিল করতে গতকাল ওই বাসায় কমিশন করে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তাদেরও এনেছিলেন তিনি।
জানতে চাইলে মশিউর রহমান বলেন, ‘আমার এলাকার আমানকারীদের টাকা আদায় করতে তাঁকে জমি লিখে দিতে বলেছি। এতে আমার কোনো স্বার্থ নেই।’
তানভীর বলেন, ‘বন্ধু হিসেবে বিপদে আমি তাঁকে আশ্রয় দিয়েছিলাম। পরে মশিউরসহ অন্যরা তাঁকে বাসা থেকে বের করে নিয়ে যান।’