শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেকুয়ার টৈটং ইউনিয়নের মৌলভীবাজার সড়কের মাথা এলাকার আঞ্চলিক মহাসড়ক থেকে গাছ কেটে নেওয়া  হয়েছে l প্রথম আলো
পেকুয়ার টৈটং ইউনিয়নের মৌলভীবাজার সড়কের মাথা এলাকার আঞ্চলিক মহাসড়ক থেকে গাছ কেটে নেওয়া হয়েছে l প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের মৌলভীবাজার সড়কের মাথা এলাকার আঞ্চলিক মহাসড়ক থেকে অন্তত ১২০টি গাছ কেটে নিয়ে গেছেন এক ব্যক্তি। তিনি প্রকাশ্যে এ গাছ কাটলেও বন বিভাগসহ স্থানীয় প্রশাসন তাঁকে বাধা দেয়নি।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার সড়কের মাথা এলাকায় অন্তত ১২০টি গাছের মোথা পড়ে রয়েছে। গত শনিবার রাতে ও পরদিন রোববার ইসলামী সমমনা দলগুলোর হরতাল চলাকালীন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রকাশ্যে এসব গাছ কাটেন টৈটং ইউনিয়নের মিয়াজি ঘোনা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে মনিয়া (৩২)। ওই সময় তাঁকে কেউ বাধা দেয়নি।
তবে নুরুল ইসলাম বলেন, সড়কের পাশে গাছগুলো তাঁর পরিবারের লোকজন রোপণ করেছিলেন। এখন বড় হওয়ায় তিনি গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন। এ জন্য কারও অনুমতি নেননি বলেও স্বীকার করেন তিনি।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, নির্বিচারে গাছ কাটার সময় সবুজবেষ্টনীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মগনামা উপকূলীয় বনবিট কর্মকর্তাকে বারবার ফোন করা হলেও তিনি আসেননি। স্থানীয় টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, ‘যতটুকু জানি সড়কের পাশের গাছ কাটতে বন বিভাগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের অনুমতি লাগে। কিন্তু ওই গাছগুলো কাটতে তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
মগনামা উপকূলীয় বনবিট কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়কের পাশের গাছ কাটতে তাঁর কাছ থেকে কেউ অনুমতি নেননি। এ ছাড়া এতগুলো গাছ কেটে নেওয়ার বিষয়টি তাঁর নজরেও নেই। তবে শুক্রবার সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে যিনি গাছ কেটেছেন তাঁর বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে।
উপকূলীয় বন বিভাগের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কের পাশের গাছ ব্যক্তিমালিকানাধীন হলেও কেউ নিজ উদ্যোগে কাটতে পারেন না। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।