নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১০৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মা ইলিশ।
চাঁদপুরে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলেদের আটক করতে গেলে তাঁরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরগুনায় মাছের আড়তে ইলিশ জব্দ করতে গেলে ব্যবসায়ীরা মৎস্য কর্মকর্তাকে অবরোধ করে রাখেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরে ভ্রাম্যমাণ আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে চাঁদপুর সদরের বিভিন্ন স্থানে মা ইলিশ নিধন বন্ধে অভিযানে নামেন। সকাল আটটার দিকে গোবিন্দিয়া এলাকায় মেঘনার পাড়ে ইলিশ ধরার সময় জেলেদের নৌকা জব্দ করতে গেলে জেলেরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা ২১টি ফাঁকা গুলি চালান। পরে ২৫ কেজি মা ইলিশ এবং জাল, নৌকাসহ তিনজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া চাঁদপুর সদর ও হাইমচর থেকে আটক ৩০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
বরগুনা: প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলী উপজেলার মৎস্যবন্দর সকিনা বাজারে স্থানীয় মাছ ব্যবসায়ী কামাল হোসেন দুই হাজার মা ইলিশ মাছ মজুত করে রাখেন। খবর পেয়ে রোববার বিকেলে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় চন্দ্র দাস ওই বাজারের মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন, সামসুল হক হাওলাদার, নজরুল ইসলাম বিশ্বাস ও পিন্টু হাওলাদারের আড়তে অভিযান চালান। এ সময় কামাল হোসেনের আড়তে মজুত রাখা দুই হাজার ইলিশ জব্দ করতে গেলে স্থানীয় জেলেদের নিয়ে ব্যবসায়ীরা মৎস্য কর্মকর্তাকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা মৎস্য কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে তালতলীর ইউএনও কাজী তোফায়েল হোসেন কোস্টগার্ড সদস্যদের নিয়ে রাত আটটার দিকে সখিনা বাজারে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন এবং ওই মাছ জব্দ করেন। পাশাপাশি কামাল হোসেনকে আটক করে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়ালন্দ(রাজবাড়ী): রোববার থেকে গতকাল সকাল পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের লোকজন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেন। পাশাপাশি আট জেলেকে আটক করেন।
মানিকগঞ্জ: রোববার গভীর রাতে পুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসনের লোকজন মানিকগঞ্জের শিবালয় এবং হরিরামপুর উপজেলায় যমুনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করেন। পাশাপাশি তাঁরা বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করেন। গতকাল আটক ওই জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের ২২ জনকে ৫০০ করে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন। অপর পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
ফরিদপুর: ভোরে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার প্রস্তুতি নেওয়ার সময় আদালত দুই জেলেকে আটক করে দুই হাজার টাকা করে জরিমানা করেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর):মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সকালে মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল, এখলাছপুর এলাকায় মেঘনা নদীতে ইলিশ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ১০ হাজার মিটার অবৈধ জাল। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম দুই জেলেকে ছয় মাস করে কারাদণ্ড দেন এবং তিন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
নারায়ণগঞ্জ: গতকাল আড়াইহাজার উপজেলার খাগকান্দা ও বিশনন্দী ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযান চলাকালে ইলিশ ধরার দায়ে নয় জেলেকে ২২ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নোয়াখালী: রোববার হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাদিরারখাল ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০টি হিমাগার থেকে চার টন ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়াও পটুয়াখালীর কলাপাড়ায় ৯, লক্ষ্মীপুরের রায়পুরে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।