শতাধিক বিরল কচ্ছপসহ দুই ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার রাতে বিরল প্রজাতির ১১৩টি কচ্ছপ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মুবারক আলী ও আসিফ আলাউদ্দিন নামের দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এর আগে দুপুরে বিমানবন্দরে ২৬০ কার্টন বিদেশি সিগারেটসহ মশিউর রহমান নামের আরেকজনকে আটক করা হয়।
কচ্ছপ উদ্ধারের বিষয়ে এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, কচ্ছপগুলো চারটি ট্রলিতে পলিথিনে মোড়ানো ছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে কচ্ছপগুলো নিয়ে বিমানবন্দরের বহির্গমন ফটক দিয়ে বিমানবন্দরের ভেতরে যাচ্ছিলেন ওই দুই ভারতীয়। তখন তাঁদের আটক করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, রাজেশ চক্রবর্তী নামের বাংলাদেশের এক ব্যক্তি কচ্ছপগুলো দিয়েছেন। এগুলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে নেওয়া হচ্ছিল। কালো চিত্রা প্রজাতির কচ্ছপগুলো পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে গতকাল বেলা একটার দিকে ২৬০ কার্টন বিদেশি সিগারেট, সোনার ১৩টি চেইন ও ১২টি আংটি এবং ২০টি মুঠোফোনসহ মশিউর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মালয়েশিয়া থেকে এসেছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আলেকান্দায়।