শতাধিক মৃত ব্যক্তির নামে চাল উত্তোলন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শতাধিক মৃত ব্যক্তির নামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। পরে এ চাল কালোবাজারে বিক্রি করা হয়। এ ঘটনায় উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন ইউপির চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা ও তাঁর সহযোগী কে এম ইব্রাহিম খালেদ।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন শতাধিক মৃত ব্যক্তির নাম দেখিয়ে তাঁর লোক দিয়ে হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল উত্তোলন করে আসছিলেন। পরে তিনি ওই চাল কালোবাজারে বিক্রি করতেন।
এজাহারে বলা হয়, তালিকায় খোলাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী মৃত আয়তন বেগম, মৃত ইয়ার আলী, জালশুকা গ্রামের মৃত ইসমাইল হোসেন, মৃত ছিলুমদ্দিন, মৃত রহিমা বেগম, মৃত মেঘজান, মৃত সিরাজসহ শতাধিক ব্যক্তির নাম রয়েছে।
এ ঘটনায় গোসাত্রা গ্রামের মোজাম্মেল হক বাদী হয়ে ২৮ ডিসেম্বর কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন। ওই দিনই তা মামলা হিসেবে নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে জানতে চাইলে মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল লুটপাটের বিষয়টি জানতে পারেন। পরে তিনি গ্রামে গ্রামে গিয়ে তালিকায় থাকা মৃত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পান। জনস্বার্থে তিনি থানায় মামলা করেন।
মৃত ব্যক্তিদের নামে চাল দেওয়ার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, সময় না থাকায় ২০১১ সালের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। তবে কালোবাজারে চাল বিক্রির অভিযোগ সত্য নয়। কারণ তিনি চাল বিক্রি করেননি। মৃত ব্যক্তিদের সন্তানদের বা স্ত্রীদের মধ্যে ওই চাল বিতরণ করেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।