শতাধিক লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চাষি রাশিদা বেগমের জমিতে আবাদ করা শতাধিক লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর মহল্লায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এর ফলে রাশিদার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রাশিদা নার্সারি করে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছিলেন ২০০৫ সালে।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, দুর্বৃত্তরা গাছের গোড়া কেটে দিয়েছে। অনেক গাছেই লাউ ধরেছে।
রাশিদা জানান, ২৭ শতাংশ জমিতে লাউ চাষ করা হয়েছে। গত সোমবার সকালে তাঁর ছেলে পিয়ারুল মিয়া খেতে লাউ তুলতে গিয়ে দেখেন, শতাধিক লাউগাছ কাটা। রাশিদা বলেন, ‘বিভিন্ন এনজিও (বেসরকারি উন্নয়ন সংস্থা) থেকে ঋণ নিয়ে লাউয়ের আবাদ করেছিলাম। এখন কীভাবে ঋণের টাকা শোধ করব, তা ভেবে পাচ্ছি না।’
ওসি রুহুল আমিন বলেন, লাউগাছ কেটে নেওয়ার ব্যাপারে রাশিদা বেগম সোমবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।