শত্রুতা করে দেড় বিঘা জমির শিমগাছ কর্তন!
বৃহস্পতিবারও দিনভর নিজের শিমখেত পরিচর্যা করেন জাহিদুল ইসলাম। শুক্রবার সকালে গিয়ে দেখতে পান, দেড় বিঘা শিমখেতের পুরোটাই শেষ। রাতে সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
পাবনার আটঘরিয়া উপজেলার কুমরেশ্বর গ্রামের দরিদ্র কৃষক জাহিদুল ইসলাম এ ঘটনায় গত শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে গ্রামের কয়েকজন এ ক্ষতি করেছে।
জাহিদুল ইসলাম বলেন, মৌসুমি সবজির চাষ করে তিনি সংসার চালান। চলতি বছর ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে শিমের আবাদ করেন। এ পর্যন্ত তাঁর ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে। গাছে কেবল ফলন ধরেছে। আশা ছিল, শিম বিক্রি করে এবার আড়াই থেকে তিন লাখ টাকা পাবেন। তা থেকে ঋণের টাকা পরিশোধ করবেন। এখন কীভাবে ঋণ শোধ দেবেন আর সংসার চালাবেন, সেই দুশ্চিন্তায় আছেন তিনি।
জহিদুল ইসলাম অভিযোগ করেন, গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁর বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। শত্রুতাবশত তারাই বৃহস্পতিবার রাতের আঁধারে শিমখেত নষ্ট করেছে।
শুক্রবার সরেজমিন দেখা যায়, কুমরেশ্বর গ্রামের মাঠে সবুজ শিমগাছ ও সাদা ফুলের সমাহার। মাঝখানে কৃষক জাহিদুলের খেতের শিমগাছগুলো নুয়ে পড়তে শুরু করেছে। প্রতিটি গাছ গোড়া থেকে কাটা।
গ্রামের আরেক কৃষক সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় গ্রামের সব কৃষকই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই রাতে জমি পাহারা দিচ্ছেন।
চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কৃষকের এমন ক্ষতি মেনে নেওয়া হবে না। দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রামের একটি পরিবারের সঙ্গে জাহিদুলের পুরোনো বিরোধ রয়েছে।