শত্রুতা মানুষের মধ্যে পুড়ে মরল গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে শত্রুতার জের ধরে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গত রোববার রাতে কৃষকের গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দুটি গরু পুড়ে মারা গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমিন আলী মণ্ডল (২৬) তিনজনকে আসামি করে গতকাল সোমবার মামলা করেছেন। আসামিরা হলেন জমিন আলীর চাচা এজেন আলী মণ্ডল (৪৫), তাঁর ভাই খোকা মণ্ডল (৪২) এবং তাঁদের মা মোমেনা বেগম (৬৫)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের বাড়ি বৈকুণ্ঠপুর গ্রামে।
আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহতাব উদ্দিন বলেন, এজেন আলী প্রকাশ্যে তাঁর ভাতিজার বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
গতকাল সকালে জমিন আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর গোয়ালঘর পুড়ে গেছে। গোয়ালঘরের সামনে দগ্ধ দুটি গরুর মরদেহ পড়ে আছে। জমিন আলী ও তাঁর স্ত্রী শেফালি খাতুন অঝোরে কাঁদছেন। গ্রামের কয়েকজন তাঁদের সান্ত্বনা দিচ্ছেন।
এলাকার কয়েকজন বলেন, জমিন আলী মণ্ডলের আপন চাচা এজেন আলী মণ্ডল। তাঁদের বাড়ি পাশাপাশি। গত বৃহস্পতিবার খেলতে গিয়ে জমিন আলীর ছেলে শহিদুল ইসলাম (৪) ও এজেন আলীর মেয়ে ইদুনীর (৯) মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জমিন আলী, শেফালি খাতুন ও শহীদুলকে মারধর করেন এজেন আলী। জমিন আলী এ ঘটনা গ্রামের মাতব্বরদের জানান। শনিবার রাতে মাতব্বররা গ্রামে সালিস বৈঠক ডাকেন। এজেন আলী সালিস না মেনে উঠে যাওয়ায় বৈঠক ভেস্তে যায়। সালিস ডাকায় ক্ষিপ্ত হয়ে পরদিন রোববার সকালে জমিন আলীর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন এজেন আলী। ওই দিন রাত ১২টার দিকে জমিন আলী মণ্ডলের গোয়ালে আগুন লাগে। গ্রামবাসী এসে দ্রুত আগুন নেভায়। এ ঘটনার পর আসামিরা পালিয়ে যান।
জমিন আলী মণ্ডল বলেন, ‘আগুন জ্বলতে দেখে এসে দেখি একটি গরুর মারা গেছে, আরেকটির শরীর জ্বলছে। লোকজন এসে আগুন নেভানোর ঘণ্টা খানেক পরে আহত গরুটি মারা যায়।’ গোয়াল ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এজেন আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।