শত্রুতার জেরে কীটনাশক দিয়ে ধানগাছ নষ্ট
নাটোরের সিংড়া উপজেলার সরমুজা গ্রামে সাগর আলী নামের এক কৃষকের ধানখেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে তাঁর প্রতিপক্ষ। এতে তাঁর এক বিঘা জমির ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে।
ওই কৃষক এ বিষয়ে প্রতিপক্ষ রাজ্জাক ও লিটনের বিরুদ্ধে গতকাল সোমবার সিংড়া থানায় মামলা করেছেন।
সাগর আলী জানান, দিনমজুরি ও ওই এক বিঘা জমি চাষ করে সংসার চালিয়ে আসছেন। বোরো মৌসুমে তিনি ওই জমিতে ধান চাষ করেন। সরমুজা গ্রামের রাজ্জাক ও লিটন ওই জমি নিজেদের বলে দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন। জমি ছেড়ে দিতে তাঁকে হুমকিও দেন তাঁরা।
গত শনিবার জমিতে গিয়ে দেখেন সব ধান পুড়ে হলুদ হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্লাহ ওই জমি পরিদর্শন করেন।
সাগর আলী অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ রাজ্জাক ও লিটন রাতের অন্ধকারে তাঁর জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ধানগাছ নষ্ট করেছেন। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রাজ্জাক ধান খেতে বিষাক্ত কীটনাশক দেওয়ার অভিযোগ অস্বীকার করেছন।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ওই কৃষককে ফসল রক্ষায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তবে জমিতে বিষাক্ত কিছু ছিটানোর কারণে ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জমিটি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। কৃষক সাগর আলী এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।