শত্রুতার জেরে পানের বরজ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে দুর্বৃত্তরা খবিরুল ইসলাম নামের এক পানচাষির এক বিঘা জমির পানের বরজ নষ্ট করেছে। গত রোববার উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষ এ কাজ করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত চাষি খবিরুলের বাড়ি উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামে। এ ঘটনায় গতকাল সোমবার তিনি হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবিরুল ইসলাম জানান, দুই বছর আগে তিনি ৭০ হাজার টাকা দিয়ে ১০ বছরের জন্য জমিটি ইজারা নেন। এরপর তিনি সেই জমিতে পানের বরজ তৈরি করেন।
খবিরুল অভিযোগ করেন, পাশের সাতকুড়ি গ্রামের মতিউর রহমানের স্ত্রী বিউটি বেগমের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। দুই মাস আগে হঠাৎ বিউটি তাঁর (খবিরুলের) কাছে দুই লাখ টাকা পাবেন বেল দাবি করেন। এ নিয়ে দেড় মাস আগে ইউনিয়ন পরিষদের বিচারও হয়। সেখানে বিউটি বেগম টাকা পাওয়ার ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এতে বিউটি সেখানেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিউটি দুর্বৃত্তদের দিয়ে পানের বরজ নষ্ট করেছেন। বিউটি বেগমের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।