হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বরাক নদ থেকে উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় মিলেছে। তিনি গত শনিবার থেকে নিখোঁজ থাকা নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আবাসিক এলাকার বাসিন্দা বিমল রায়ের মেয়ে তন্বী রায় (১৮)। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গতকাল বুধবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নবীগঞ্জ উপজেলার বরাক নদের গড়মুড়িয়া সেতুর কাছে মাছ ধরতে যান এক ব্যক্তি। তিনি দেখতে পান নদের চরের কাছে একটি বস্তা। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে এলাকাবাসী নবীগঞ্জ থানার পুলিশকে জানালে বিকেলে ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আবাসিক এলাকার অধিবাসী বিমল রায়ের মেয়ে তন্বী রায় গত শনিবার বেলা দেড়টার দিকে শহরের আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাসায় না ফেরায় তাঁর পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেন। খোঁজাখুঁজির পরও তাঁকে না পাওয়ায় তাঁর বাবা ওই রাতেই নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার এক তরুণীর লাশ বরাক নদে পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তন্বীর বাবা বিমল রায়সহ পরিবারের লোকজন। বিকৃত হয়ে যাওয়া লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রথমে তা দেখে নিজের মেয়ের কি না, তা শনাক্ত করতে পারেননি বিমল রায়। একপর্যায়ে লাশের কোমরে একটি চাবি পাওয়া যায়। ওই চাবি দেখে লাশটি তন্বীর বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন তিনি। পরে চাবিটি বাসায় নিয়ে গিয়ে একটি তালা খোলার চেষ্টা করা হলে একবারেই তালাটি খুলে যায়। এবার বাড়ির লোকজন নিশ্চিত হন, লাশটি তন্বীর।
পরিবারের সদস্যরা বলেন, তন্বী এ বছর নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইসএসসি পাস করেছেন। তাঁর ছোট এক ভাই রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান প্রথম আলোকে বলেন, প্রেমঘটিত কারণে মেয়েটিকে হত্যা করা হতে পারে। তাঁর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে রানু রায় নামে এক যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।