পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর তিন দিন ধরে খোঁজ মিলছে না পুরান ঢাকার কবি নজরুল কলেজের পাঁচ ছাত্রদল নেতার। গত শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় বলে স্বজনেরা জানিয়েছেন।
নিখোঁজ ছাত্রদল নেতারা হলেন কবি নজরুল কলেজের স্নাতক (বিএ) তৃতীয় বর্ষের ছাত্র জসীম উদ্দিন, স্নাতক (সম্মান) ব্যবস্থাপনার তৃতীয় বর্ষের ছাত্র সুজন চন্দ্র দাস, তাঁরই সহপাঠী রোমান আহম্মেদ, ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র কে এম নাজমুল হাসান ওরফে নিহাত ও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ইরফান আহম্মেদ ওরফে ফাহিম। এঁদের মধ্যে জসীম উদ্দিন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক ও বাকি চারজন সদস্য বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি।
আবদুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জহির উদ্দিনের সামনে থেকে জসীমকে শুক্রবার পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর জসীমের ফোন থেকে কল করে নিখোঁজ বাকি চারজনকে ভিক্টোরিয়া পার্কে ডেকে নিয়ে যাওয়া হয়।
নিখোঁজ নাজমুল হাসানের ভাই কামরুল হাসান প্রথম আলোকে বলেন, শনিবার রাতে ভাইয়ের সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ হয়। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ। তাঁরা আশপাশের কোতোয়ালি, বংশাল, চকবাজার, সূত্রাপুর থানায় খোঁজ করেও নাজমুলকে পাননি। এর পরে তাঁরা মিন্টো রোডের ডিবি কার্যালয়, র্যা ব-১০-এ যোগযোগ করেন, কিন্তু সেখানেও কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ নাজমুলের একজন বন্ধু জানান, শনিবার রাত পৌনে নয়টার দিকে কাগজীটোলায় এক পরিচিতের বাড়িতে বসে টিভি দেখছিলেন নাজমুল। এ সময় বন্ধু রোমান আহমেদ তাঁকে ফোন করলে তিনি বাসা থেকে বের হয়ে আসেন। এর পর থেকেই কোনো খোঁজ নেই নাজমুলের।
তবে যোগাযোগ করা হলে রোমানের বাবা ফরহাদ আহমেদ এ বিষয়ে কিছুই বলতে চাননি। তাঁর বন্ধুরা জানান, রোমান নিখোঁজের পর থেকে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি। তবে তাঁদেরসহ আরও অনেককে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। এদের বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিএমপি সূত্র জানায়, নাশকতার অভিযোগ থাকায় তাঁরা পালিয়েও থাকতে পারেন বলে কর্মকর্তাদের ধারণা।