শনির আখড়ায় গাড়িতে আগুন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় গতকাল শুক্রবার বিকেলে একটি ব্যক্তিগত গাড়ির চাপায় তোফাজ্জল হোসেন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটক করে আগুন জ্বালিয়ে দেয়। তারা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, বিকেল চারটার দিকে তোফাজ্জল ও তাঁর ভাতিজা জসিমউদ্দিন শনির আখড়ায় পেট্রলপাম্পের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোফাজ্জল মারা যান। আশপাশের লোকজন আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। স্থানীয় ব্যক্তিরা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা তাতে আগুন ধরিয়ে দেয় ও সড়ক অবরোধ করে রাখে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। আধা ঘণ্টা পর পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহত জসিম পুলিশকে জানান, তিনি ও তাঁর চাচা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই গাড়িটি তাঁদের সজোরে ধাক্কা দেয়। তাঁর চাচার অটোরিকশার ব্যবসা আছে। তিনি সপরিবারে সিদ্ধিরগঞ্জে থাকতেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে রেকার দিয়ে পুড়ে যাওয়া গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগে গত সোমবার বিকেলে বাড্ডায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হলে উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের সামনে একটি হিউম্যান হলার আরিফ হোসেন (২৫) নামের এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।