শপথ নিতে গিয়ে তানোরের পৌরমেয়র আটক
রাজশাহীতে শপথ নিতে যাওয়ার পথে নগরের বোয়ালিয়া থানা-পুলিশ তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমানকে আজ বুধবার দুপুরে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় গিয়ে খোঁজ নিতে বলেন। থানায় গেলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মমিন সরকার বলেন, মিজানুর রহমানকে আটক করা হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে—জানতে চাইলে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান। তিনি বলেন, ‘সন্ধ্যাবেলায় সিদ্ধান্ত হবে।’
নিজ দলের বিদ্রোহী প্রার্থী থাকার পরও মিজানুর রহমান নির্বাচনে জয়ী হন। এই পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও তিনি মিজানুর রহমানের কাছে হেরে যান।
আজ বুধবার বিকেল তিনটায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহীর নবনির্বাচিত পৌর মেয়রদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।