রাজশাহীতে শপথ নিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত দুই নারী কাউন্সিলর গতকাল বৃহস্পতিবার নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাঁদের আদালতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি পৌরসভার ৪৯ জন সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর এবং শিবগঞ্জ ও নাচোলের মেয়রকে শপথবাক্য পাঠ করান।
গ্রেপ্তার হওয়া কাউন্সিলর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারা বেগম ও শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মনজিলা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই দুজনের বিরুদ্ধে সদর থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা ছিল। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠানে ঢোকার সময় শিল্পকলা একাডেমির সামনে থেকে রাজপাড়া থানার পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন (সার্বিক) বলেন, চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মধ্যে শিবগঞ্জের মেয়র কারিবুল হক ও নাচোলের মেয়র আবদুর রশিদ শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের মেয়র নজরুল ইসলাম ও ও রহনপুরের মেয়র তারিক আহমেদ নাশকতার মামলায় কারাগারে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ ছাড়া চার পৌরসভার নির্বাচিত ৫৬ জন কাউন্সিলরের মধ্যে সাতজন অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে চারজন নারী কাউন্সিলর ও তিনজন সাধারণ কাউন্সিলর নাশকতার মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাঁরা আদালতের মাধ্যমে প্যারোলে জামিন নিয়ে শপথ নিতে পারবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুলতান আবদুল হামিদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভাগীয় উপপরিচালক শাওগাতুল আলম, মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী ও চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির উপপরিচালক নজরুল ইসলাম।