আসামি হয়েও একজনের শপথ, অন্যজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ওরফে ভিপি শাহিন পলাতক আসামি হলেও শাহাজানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু একই অনুষ্ঠানে শপথ নিতে এসে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার মাঝিড়া ইউপির চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির আবদুস সালাম। আজ রোববার এ ঘটনা ঘটে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, এ বছরের ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর থানা-পুলিশ উপজেলার ওমরদীঘি বাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমানের গাড়ি তল্লাশি করে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল পায়। ওই দিনই তাঁর কার্যালয় থেকে ১১টি ককটেল ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সাজেদুর রহমানের গাড়ি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে আসাদুজ্জামান (২৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে আটক করে।

সাজেদুর রহমানের বিরুদ্ধে ওই দিনই পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। ৩১ মে ‘পলাতক’ উল্লেখ করে সাজেদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের নাশকতার দুটি মামলার আসামি আবদুস সালাম একই অনুষ্ঠানে শপথ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন।

গত ৪ জুন শাজাহানপুর উপজেলায় সব ইউনিয়নের নির্বাচন হয়। আজ জেলা প্রশাসকের সভাকক্ষে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান ছিল। শপথের আগে গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানা-পুলিশের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এ সময় সেখানে ‘গুজব’ রটে, শপথ নিতে এলেই ‘পলাতক’ দুই চেয়ারম্যান সাজেদুর রহমান ও আবদুস সালাম গ্রেপ্তার হতে পারেন। পুলিশের সামনে দিয়েই নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন সাজেদুর রহমান। অন্যদিকে কার্যালয়ে প্রবেশপথেই ভাঙচুর ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার করা হয় আবদুস সালামকে।

জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. মশিউর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম রফিকুন নবী উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন সাজেদুর রহমান।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী প্রথম আলোকে বলেন, ‘সাজেদুর রহমানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা তদন্তাধীন ছিল। অস্ত্র আইনের মামলায় পাঁচজন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক। তদন্ত শেষে প্রধান আসামি সাজেদুর রহমানসহ চারজনকে পলাতক দেখিয়ে ৩১ মে আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিস্ফোরক আইনের মামলাটি তদন্তাধীন।’ তিনি আরও বলেন, অভিযোগপত্র দাখিলের পর আদালত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই পুলিশের। সাজেদুর রহমানের বিরুদ্ধে নতুন করে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের কাছে পৌঁছায়নি।

সাজেদুর রহমান দাবি করেন, শপথ নেওয়ার জন্য উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন নিয়েছেন। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগপত্র দাখিলের পর সাজেদুর রহমানের অস্ত্র আইনের মামলাটি জেলা জজ আদালতে বিচারাধীন। মামলার নথিতে উচ্চ আদালতের জামিনের কোনো কাগজ নেই। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটির নথি আছে শাজাহানপুরের বিচারিক হাকিম আদালতে। সেখানে তিনজন আসামি জামিনে থাকার কথা উল্লেখ থাকলেও সাজেদুর রহমানের জামিনের আদেশ নেই।

দুই নির্বাচিত চেয়ারম্যান আসামি হলেও একজন গ্রেপ্তার অপরজন কেন গ্রেপ্তার হলেন না—এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নাশকতার চারটির মধ্যে দুটি মামলার আসামি জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে কেন গ্রেপ্তার করা হলো না—এর জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

আসামি হওয়া সত্ত্বেও কেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হলো না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুল হাকিম।