শপথ নেওয়ার পর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হককে শপথ গ্রহণ শেষে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার নবনির্বাচিত ১৮ ইউপির চেয়ারম্যানকে শপথ পড়ান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। শপথ গ্রহণ শেষে বের হয়ে আসার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় নাচোল থানার পুলিশ আশরাফুল হককে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দীন জানান, আশরাফুল হক বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, তিন মাস আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা কেরামত আলীসহ তিনজনকে ১০টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডারসহ নাচোলের একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার আসামি আশরাফুল হক।