শপথ শেষেই গ্রেপ্তার বিএনপি-সমর্থিত কাউন্সিলর
শপথ নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর বগুড়ার দুই কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির নেতা তৌহিদুল ইসলাম ওরফে বিটু এবং একই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী ওরফে হিরু।
সূত্র জানায়, শহীদ টিটু মিলনায়তনে আজ বগুড়ার নয়টি ও নওগাঁর দুইটি পৌরসভার ১১ জন মেয়র, ১১১ জন কাউন্সিলর ও ৩৭ জন নারী কাউন্সিলরের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল। তবে মামলাজনিত কারণে বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন এবং কারাগারে থাকায় বগুড়া সদরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ার অনুষ্ঠানে যোগ দেননি। অবশিষ্ট ১৫৭ জন মেয়র ও কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। শপথ শেষে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মিলনায়তন থেকে বেরিয়ে যান কাউন্সিলর দেলোয়ার ও তৌহিদুল। তখন তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) আমিরুল ইসলাম বলেন, নাশকতার মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শপথ অনুষ্ঠানের বাইরে থেকে কাউন্সিলর দেলোয়ার হোসেন ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।