শপথ শেষে বিএনপির দুই কাউন্সিলর গ্রেপ্তার
বগুড়ায় শপথ অনুষ্ঠানে যোগদান শেষে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন বগুড়া পৌরসভার বিএনপি-সমর্থিত নবনির্বাচিত দুই কাউন্সিলর। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তন থেকে শপথ শেষে বের হয়ে চত্বর অ্যাডওয়ার্ড পার্কের দক্ষিণ ফটক এলাকায় এলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির নেতা তৌহিদুল ইসলাম ওরফে বিটু এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী ওরফে হিরু।
শহীদ টিটু মিলনায়তনের ওই অনুষ্ঠানে বগুড়া ও নওগাঁর ১১টি পৌরসভার ১১ জন নবনির্বাচিত মেয়র, ১১১ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৩৭ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলের শপথ নেওয়ার কথা থাকলেও নির্বাচন-পরবর্তী সহিংসতা ও হত্যা মামলায় পরোয়ানা থাকায় গ্রেপ্তার এড়াতে শপথ নিতে আসেননি সান্তাহার পৌরসভার বিএনপির নির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন। আর নাশকতার মামলায় কারাগারে থাকায় শপথ নিতে পারেননি বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌলা খান বলেন, মামলাজনিত কারণে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন এবং কারাগারে থাকায় বগুড়া সদরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ার অনুষ্ঠানে যোগ দেননি। বাকি ১৫৭ জন মেয়র ও কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, নাশকতার মামলা ও পরোয়ানা থাকায় শপথ অনুষ্ঠানের বাইরে থেকে কাউন্সিলর দেলোয়ার হোসেন ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরিমল চন্দ্র দাস পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।