শফিউল ইসলামের প্রকৃত খুনিদের শাস্তির দাবি শিক্ষক-শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ক্যাম্পাসে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ওয়ারদাতুল আকমাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ফয়জার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমাদের রক্তক্ষরণ চলছে। যতক্ষণ না শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না। এই রক্তক্ষরণ বন্ধ করা হোক। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার কাছে সন্ত্রাসী হামলায় শফিউল ইসলাম নিহত হন।