রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসরিন আখতার ওরফে রেশমা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার। নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম গতকাল রাত সাড়ে ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানান। রেশমা ওই হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের হাতে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার আবদুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী। হত্যাকাণ্ডের পর র্যাব দাবি করেছিল, রেশমার সঙ্গে অধ্যাপক শফিউলের ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণেই হত্যার পরিকল্পনা করেন পিন্টু।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, শফিউল হত্যা মামলায় অন্যতম সন্দেহে থাকা রেশমা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় রেশমার খালাতো ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বছরের ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে আটক করে রিমান্ডে নেয়। অপর দিকে, গত ২৩ নভেম্বর এই ঘটনায় ছয়জনকে আটক করে র্যাব। তাঁরা র্যাবের কাছে খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলে ঢাকায় সংবাদ সম্মেলন করে দাবি করে র্যাব। র্যাব দাবি করে, গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে মূল পরিরকল্পনাকারী আবদুস সামাদ পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। নাসরিন আখতার রেশমা হচ্ছেন পিন্টুর স্ত্রী। রেশমার সঙ্গে অধ্যাপক শফিউল ইসলামের ‘অসৌজন্যমূলক আচরণের’ জের ধরে তাঁকে খুন করা হয়।
এরপর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয়, র্যাবের ওই দাবিকে সামনে রেখেই তদন্ত করছে পুলিশ। মামলাটি প্রথমে নগরের মতিহার থানায় থাকলেও পুলিশ তদন্তে কোনো অগ্রগতি করতে না পারায় গত ২১ জানুয়ারি মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।